টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা

অনলাইন ডেস্ক: দুর্গাপূজা ও অন্যান্য ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতির পর আজ সোমবার থেকে আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে। ছুটি শেষ হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। তবে কলেজের শিক্ষার্থীদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ছুটি শুরু হয়। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটির কারণে বন্ধ ছিল এসব প্রতিষ্ঠান। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

পরবর্তী সময়ে ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো খোলেনি। এরপর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পায়। ছুটি শেষে আজ থেকে আবারও নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।

অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোর ছুটি আরও কয়েক দিন অব্যাহত থাকবে। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে গত ১৮ অক্টোবর দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়। এই ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ১ নভেম্বর থেকে কলেজগুলোতে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে। ফলে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা আজ থেকেই শ্রেণিকক্ষে ফিরলেও কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

জা.অর্থনীতি/এসআই