অনলাইন ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট নিরসনে জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ হয় বলে জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি)। বর্তমানে দেশের সব বিদ্যুৎ গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে, মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে রাজধানীর ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। একই সময়ে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই বিভ্রাটের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার পরপরই জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারে কাজ শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কার্যক্রম পরিচালিত হয়। পরে দুপুর আড়াইটায় জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। তবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার তাৎক্ষণিক কারিগরি কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, বর্তমানে দেশের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ হলেও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। ফলে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় যে বিক্ষিপ্ত লোডশেডিং হচ্ছে, তা ধীরে ধীরে কমে আসবে।
অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
—জা.অর্থনীতি/আইবিএম