বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. নাছির আহমাদ বিধি মোতাবেক প্রক্টর হিসেবে নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
প্রক্টরের দায়িত্ব পেয়ে অধ্যাপক নাসির আহমাদ বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে ঐক্যবদ্ধ জবিয়ান হিসেবে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষার্থীদের জন্য প্রক্টর অফিসের দরজা সব সময় খোলা থাকবে। তাদের যেকোনো প্রয়োজনে প্রক্টর অফিস পাশে থাকবে।’
—জা.অর্থনীতি/আরএস