বিশ্বজুড়ে সংকটে পেনশনব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে পেনশনব্যবস্থা জনমিতিক সংকটে পড়েছে। মানুষের গড় আয়ু বাড়ছে, কমছে জন্মহার। ফলে অবসরকালীন আর্থিক দায় বাড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের অবসর ভাতা নিয়মিত পরিশোধের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।

সিএনবিসি জানিয়েছে, বিশ্বে পেনশনব্যবস্থা সাধারণত দুই ধরনের। প্রথমটি নির্ধারিত সুবিধাভিত্তিক পেনশন, যেখানে অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আগে থেকেই নির্ধারিত হারে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি থাকে। দ্বিতীয়টি নির্ধারিত অবদানভিত্তিক পেনশন, যেখানে জমা অর্থ ও বিনিয়োগ থেকে পাওয়া মুনাফার ওপর অবসরকালীন সুবিধা নির্ভর করে।

বার্ধক্যজনিত সংকটে দুই ধরনের ব্যবস্থাই চাপে পড়ছে। নির্ধারিত সুবিধাভিত্তিক পেনশনে মানুষের দীর্ঘায়ুর কারণে তহবিলের দায় বাড়ছে। অন্যদিকে নির্ধারিত অবদানভিত্তিক পেনশনের সদস্যদের আশঙ্কা, তাদের সঞ্চয় জীবনের শেষ পর্যন্ত যথেষ্ট নাও হতে পারে। এতে বিনিয়োগ থেকে পর্যাপ্ত মুনাফা অর্জনের চাপ বাড়ছে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর পেনশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক সেবাস্তিয়েন বেটারমিয়ে বলেন, সমস্যাটি বিশাল এবং সময়ের সঙ্গে আরও প্রকট হয়েছে। কোনো কোনো পেনশন তহবিলের সদস্য প্রায় অর্ধশতাব্দী ধরে অবসর জীবন কাটাচ্ছেন। তাদের কারও কারও বয়স ১০৭ বা ১০৮ বছর।

বেটারমিয়ে বলেন, মানুষের আয়ু যত বাড়বে, পেনশন তহবিলকে তত বেশি বছর অর্থ জোগাতে হবে। এতে তহবিলের আর্থিক দায় সরাসরি বেড়ে যায়। এর ব্যয় পরবর্তী প্রজন্মের ওপরও চাপ তৈরি করে।

মার্শ-সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স (এমসিজিপিআই) প্রতিবেদনে দেখা গেছে, কর্মজীবী মানুষের তুলনায় অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা কমে আসার পরিবর্তে বাড়তে থাকায় ভবিষ্যতের পেনশন ও বয়স্কদের পরিচর্যার অর্থায়ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে যেভাবে পেনশনব্যবস্থা চলছে, তাতে খুব কম ব্যবস্থাকেই পুরোপুরি নিরাপদ বলা যায়।

চাপে পুরোনো পেনশনব্যবস্থা: যেসব পেনশনব্যবস্থায় বর্তমান কর্মীদের চাঁদা থেকে অবসরপ্রাপ্তদের ভাতা দেওয়া হয়, সেগুলোতে সংকট আরও তীব্র। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে এসব ব্যবস্থা সরাসরি ঝুঁকিতে পড়ে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে এর প্রভাব দেখা যাচ্ছে। দেশটির কোটি মানুষের অবসরকালীন ও উত্তরাধিকারীদের সুবিধা দেওয়া ওল্ড-এজ অ্যান্ড সারভাইভারস ইনস্যুরেন্স ট্রাস্ট ফান্ডের সর্বশেষ ট্রাস্টি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩২ সালের চতুর্থ প্রান্তিকে তহবিলটির সঞ্চিত অর্থ শেষ হয়ে যেতে পারে।

তবে কর্মী ও নিয়োগদাতার অবদান বিনিয়োগ করে ভবিষ্যতের পেনশন সুবিধার অর্থ জোগাড় করা হয় এমন সম্পূর্ণ অর্থায়নভিত্তিক পেনশনব্যবস্থাও ঝুঁকিমুক্ত নয়।

এমসিজিপিআইয়ের সতর্কতা, সদস্যরা অবসরে গিয়ে পেনশন নিতে শুরু করলে কোনো কোনো তহবিলের অর্থ পরিশোধের পরিমাণ নতুন করে জমা হওয়া চাঁদার চেয়ে বেশি হয়ে যেতে পারে। তখন বিনিয়োগ কৌশল ও নগদ অর্থের প্রয়োজন নতুন করে পর্যালোচনা করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে পেনশন পরিশোধের অর্থ চাঁদা বা প্রিমিয়াম থেকে পাওয়া অর্থকে ছাড়িয়ে যাবে। ফলে আর্থিক চাপ অনিবার্যভাবে বাড়বে।

ঝুঁকি নেওয়ার কৌশলে পরিবর্তন: জনমিতিক এ সংকট পেনশন তহবিলগুলোর বিনিয়োগ কৌশলেও পরিবর্তন আনছে। অবসরকালীন দায় মেটাতে প্রয়োজনীয় মুনাফা অর্জনের জন্য কিছু তহবিল এখন তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে ঝুঁকছে।
দীর্ঘদিন ধরে পরিচালিত অনেক পেনশন তহবিল ইতোমধ্যে চাঁদা থেকে যত অর্থ পাচ্ছে, তার চেয়ে বেশি অর্থ সুবিধা হিসেবে পরিশোধ করছে। ফলে বিনিয়োগের মুনাফা ও আগে থেকে জমা হওয়া সম্পদের ওপর তাদের নির্ভরতা বাড়ছে।

অস্ট্রেলিয়ার প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটির ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ সুপারঅ্যানুয়েশন তহবিলে তিন বছরের হিসাবে সম্পদের বিপরীতে স্বাভাবিক নগদ প্রবাহ ঋণাত্মক ছিল। অর্থাৎ নতুন করে জমা হওয়া চাঁদার তুলনায় পেনশন সুবিধা বাবদ অর্থ পরিশোধের পরিমাণ বেশি ছিল।

শিল্পসংশ্লিষ্টদের মতে, বেশি মুনাফা অর্জনের চাপ কিছু তহবিলকে আরও ঝুঁকিপূর্ণ ও জটিল বিনিয়োগের দিকে ঠেলে দিচ্ছে। এসব বিনিয়োগের মধ্যে রয়েছে প্রাইভেট ইকুইটি, অবকাঠামো ও প্রাইভেট ক্রেডিট।

বেটারমিয়ে বলেন, বিনিয়োগ থেকে বেশি মুনাফা অর্জনের চেষ্টা করা যেতে পারে। তবে সে জন্য বেশি ঝুঁকি নিতে হবে।

বোস্টন কলেজের সেন্টার ফর রিটায়ারমেন্ট রিসার্চের রাজ্য ও স্থানীয় সরকারবিষয়ক গবেষণা বিভাগের সহযোগী পরিচালক জ্যঁ-পিয়ের অব্রি বলেন, পেনশন তহবিলগুলো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে যাচ্ছে। তবে বাজারভেদে এ প্রবণতার মাত্রায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

অব্রির ভাষায়, সুযোগ থাকলে প্রায় সবাই বিনিয়োগে বেশি ঝুঁকি নিচ্ছে। জনমিতিক পরিবর্তনের সঙ্গে ব্যয়ও বাড়ছে। তিনি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলোর পেনশন তহবিলের উদাহরণ দেন। এসব তহবিলের মোট সম্পদের মাত্র ২০ শতাংশের মতো বন্ডে বিনিয়োগ করা হয়েছে। বাকি বড় অংশের অর্থ রয়েছে শেয়ারবাজার ও বেসরকারি সম্পদে। ফলে ইউরোপ ও কানাডার সমজাতীয় তহবিলের তুলনায় যুক্তরাষ্ট্রের সরকারি পেনশন তহবিলগুলো বিনিয়োগজনিত ঝুঁকিতে রয়েছে। তবে সব পেনশন ব্যবস্থাপকই মনে করেন না যে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়লেই বেশি ঝুঁকি নিতে হবে।