জাতীয় অর্থনীতি ডেস্ক: রাজধানীসহ গোটা দেশের এক সময়কার সবচেয়ে অভিজাত শপিং মলগুলোর একটি ছিল শান্তিনগর-কাকরাইল মোড়ে অবস্থিত কর্ণফুলী গার্ডেন সিটি। ১৯৯৮ সালে চালু হওয়া এই বিপণিবিতানে ছিল নামী দামি ব্র্যান্ডের শোরুম, পোশাক, জুতা, প্রসাধনী ও উপহারসামগ্রীর দোকান।
তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনের ছোঁয়া না লাগায় কমেছে ক্রেতা, বন্ধ হয়েছে একের পর এক দোকান। শেষ পর্যন্ত টানা লোকসান ও পরিচালন ব্যয় সামাল দিতে না পেরে ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা বলছেন, এক দশকের বেশি সময় ধরে ধীরে ধীরে ব্যবসায়িক গুরুত্ব হারিয়েছে কর্ণফুলী গার্ডেন সিটি। শেষদিকে ঋণ করে চলতে হয়েছে কিছুদিন।
কর্ণফুলী গার্ডেন সিটির ২০ তলা ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ছিল বাণিজ্যিক কার্যক্রম। ওপরের তলাগুলো আবাসিক অ্যাপার্টমেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
চালুর সময় বিপণিবিতানটিতে দোকান ছিল ১৯৮টি। তবে বন্ধ ঘোষণার সময় চালু ছিল মাত্র হাতে গোনা কয়েকটি। ক্রেতাসংকটে অধিকাংশ দোকান আগেই বন্ধ হয়ে যায়।
মার্কেটটির মালিক সমিতি জানায়, ফ্লাইওভার নির্মাণের সময় থেকেই ধুলা বালি সহ নানা কারণে ব্যবসায়িক পতন শুরু হয়। এসময় সড়কে যানজটের কারণেও চলাচলে ভোগান্তি তৈরি হয়।
তখন প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা অন্য মার্কেটে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও তারা আর ফিরে আসেননি।
করোনাকালেও বড় ক্ষতির মুখে পরে মার্কেটটি। পাশাপাশি পণ্যের বৈচিত্র্যও কম থাকায় এক জায়গায় প্রয়োজনীয় সব পণ্য কেনার সুযোগ না পেয়ে ক্রেতাদের আগ্রহ কমতে থাকে।
বিপণিবিতানটির বিদ্যুৎ বিল বকেয়া , দীর্ঘদিনের লোকসান ও পরিচালন ব্যয় সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ায় দোকানমালিকদের সম্মিলিত সিদ্ধান্তে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা হয়।
ব্যবসায়িক পতনের পেছনে পণ্যের মান ও বিশ্বাসযোগ্যতার সংকটকেও দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে বিপণিবিতানটির প্রতি ক্রেতাদের আস্থা কমে যায়।
অন্যদিকে, ই-কমার্স ও ফেসবুকভিত্তিক কেনাকাটার বিস্তার এবং ক্রেতাদের চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারাও বিপণিবিতানটির পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।
কর্ণফুলী গ্রুপের উদ্যোগে নির্মিত এই ভবনটি বিক্রি অথবা একক কোনো প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার বিষয়ে ভাবছেন মালিকেরা। গত দুই বছর ধরে উপযুক্ত প্রতিষ্ঠান খোঁজার চেষ্টা করেও সফল হননি তারা।
একসময় রাজধানীর অভিজাত কেনাকাটার অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত কর্ণফুলী গার্ডেন সিটির বন্ধ হয়ে যাওয়া নগরীর পরিবর্তিত ব্যবসায়িক বাস্তবতারও প্রতিফলন।
—জা. অর্থনীতি/এলএটি
