দায়িত্ব পালনে কতটুকু সফল বা ব্যর্থ শিক্ষার্থীরাই বলবে: আম্মার

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের মেয়াদকালের সফলতা, ব্যর্থতা ও ভুলের হিসাব সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন। দায়িত্ব পালন শেষে নিজের কাজের সঠিক মূল্যায়নের জন্য তিনি সরাসরি শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে সালাহউদ্দিন আম্মার এই অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, দায়িত্ব পালনের সময় তিনি কতটুকু সফল বা ব্যর্থ হয়েছেন, সেই হিসাব শিক্ষার্থীরাই নির্ধারণ করবেন।

আম্মার উল্লেখ করেন, নির্বাচনের আগে প্রার্থীরা শহীদ মিনারে দাঁড়িয়ে ইশতেহার ও নানা প্রতিশ্রুতি শুনিয়েছিলেন। তবে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের অর্জিত কাজের সঠিক হিসাব নেওয়া আরও বেশি জরুরি বলে মনে করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তি বা সোশ্যাল মিডিয়া পোস্টের চেয়ে একটি উন্মুক্ত ও খোলামেলা আলোচনাকেই বেশি কার্যকর মনে করেন রাকসু জিএস। এতে কোনো কাটছাঁট ছাড়া শিক্ষার্থীরা সরাসরি যেকোনো কঠিন প্রশ্ন করতে পারবেন এবং প্রতিনিধি উত্তর দেবেন।

পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, দায়িত্ব পাওয়া মানে শুধু ভোটের জন্য দ্বারে দ্বারে ঘোরা নয়, বরং মেয়াদ শেষে নিজের কাজের হিসাব দেওয়ার সাহস রাখা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কোনো মূলধারার গণমাধ্যম চাইলে এমন একটি সংলাপের আয়োজন করতে পারে।

তিনি প্রত্যাশা করেন, এই সংলাপে কোনো স্ক্রিপ্ট বা পূর্বনির্ধারিত প্রশ্ন থাকবে না; সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা তাদের গঠনমূলক সমালোচনা ও মতামত জানাবেন। পদটি শিক্ষার্থীদেরই ছিল, তাই হিসাবটাও তাদের কাছে দিতে চান বলে আম্মার মন্তব্য করেন। 
—জা. অর্থনীতি/এএইচএ