জাতীয় অর্থনীতি বিনোদন: ঢাকাই সিনেমা এখনো অনেকাংশে শাকিব খানকেন্দ্রিক হলেও, শক্তিশালী গল্প ও দক্ষ কলাকুশলীর হাত ধরেই ইন্ডাস্ট্রির মূল পরিবর্তন সম্ভব বলে মনে করেন নির্মাতা হিমেল আশরাফ। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে ‘আজকের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে হিমেল আশরাফ বলেন, সিনেমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি শক্তিশালী গল্প। গল্প জোরালো হলে শুধু শাকিব খানকে ছাড়াও বড় কিছু করা সম্ভব। তবে ভালো গল্পলেখকের তীব্র সংকটের পাশাপাশি অভিজ্ঞ টেকনিশিয়ানের অভাবও আমাদের নির্মাণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি থেকে চড়া মূল্যে ক্যামেরাম্যান আনা এবং সহকারী পরিচালক পাওয়ার জন্য কলকাতার ওপর ভরসা করার মতো বেদনাদায়ক বিষয়গুলোও তুলে ধরেন তিনি। এই সংকট কাটাতে পেশাদার কলাকুশলী তৈরিতে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান এই নির্মাতা।
অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরামর্শ দেন, শাকিব খানকে নিয়ে নির্মিত বড় বাজেটের সিনেমাগুলোর সমপরিমাণ অর্থ নতুন কোনো মুখকে নিয়ে ব্যয় করলে ইন্ডাস্ট্রিতে নতুন তারকা তৈরি হবে। হেলাল খান, অমিতাভ রেজা চৌধুরী ও শাহরিয়ার শাকিলসহ দেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতিতে সেমিনারে ই-টিকেটিং, সরকারি অনুদান এবং চলচ্চিত্রের সার্বিক পরিবেশনা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
জা. অর্থনীতি/এআর
