৪০ হাজার টাকায় শিশু বিক্রি, ১০ দিন পর উদ্ধার করল পুলিশ
ছবি: সংগৃহীত

‎‎‎‎গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৪ মাস বয়সী শিশু আদিবা খাতুনকে উদ্ধার করেছে পুলিশ। 
‎
‎বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎উদ্ধার হওয়া শিশু আদিবা খাতুন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরিতাবাড়ী গ্রামের মো. আজাহার ও খালেদা বেগমের মেয়ে।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭ মাস আগে আদিবার মা-বাবার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে আদিবা তার মায়ের কাছে থাকত। কিছুদিন আগে তার মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরিতে যোগ দেওয়ায় শিশুটিকে নিজের ছোট বোন খাদিজার কাছে রেখে যান।
‎
‎পুলিশ জানায়, খালার বাড়িতে থাকা অবস্থায় আদিবার বাবা একাধিকবার তাকে দেখতে যান এবং মাঝেমধ্যে নিজের বাড়িতে নিয়ে আসেন। 

কিন্তু গত ১ অক্টোবর তিনি আদিবাকে নিয়ে যাওয়ার পর সাদুল্লাপুর উপজেলার পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।
‎
‎বিষয়টি আদিবার মা ও তার পরিবারের সদস্যরা জানতে পেরে সাদুল্লাপুর থানা-পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাত ৩টা ১০ মিনিটের দিকে রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
‎
‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে রাতেই সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

—জা.অর্থনীতি/এনজে