নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তঘেঁষা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কম্বল, কয়লা এবং বাঁশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, গত বুধবার ও বৃহস্পতিবার রাতে সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা মূল্যের এসব চোরাই মালামাল জব্দ করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনৈ ও মুন্সিপাড়া বিওপির (বর্ডার পর্যবেক্ষণ পোস্ট) টহল দল পৃথক অভিযান চালিয়ে ৭৮ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
অন্যদিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও পাঁচগাঁও বিওপির জোয়ানরা সীমান্ত এলাকা থেকে ৪০ পিস ভারতীয় কম্বল জব্দ করেন, যার সিজার মূল্য ২ লাখ টাকা। এ ছাড়া ভবানীপুর বিওপির অপর একটি টহল দল সোমেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ২৭০ পিস বাঁশ জব্দ করে, যার সিজার মূল্য ১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।
বিজিবি কার্যালয় সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মদ নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনি কার্যক্রম চলছে। এ ছাড়া অন্যান্য চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং জব্দকৃত কয়লা ও বাঁশ বিধি অনুযায়ী নিলাম প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।
—জা. অর্থনীতি/এলএটি
