আন্তর্জাতিক ডেস্ক: নির্মাণশ্রমিকদের কাজের পরিবেশ ও মানবিক মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে। একটি বহুতল ভবনে চারটি আধুনিক লিফট থাকা সত্ত্বেও এক শ্রমিককে সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ফলে মাথায় প্রায় ২০ কেজি ইট নিয়ে সিঁড়ি বেয়ে ২২ তলায় উঠতে হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক শ্রমিক মাথায় ইটের বোঝা নিয়ে ভবনের সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। ভবনটিতে চারটি অত্যাধুনিক লিফট থাকলেও ওই শ্রমিককে সেগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি বলে ভিডিওর বর্ণনায় দাবি করা হয়েছে। এক বা দুই তলা নয়, তাকে ২২ তলা পর্যন্ত ইট বহন করতে হয়েছে।
ভিডিওতে এক ব্যক্তিকে পুরো ঘটনার বিবরণ দিতে শোনা যায়। এ সময় ভবনের নিরাপত্তারক্ষীকেও সেখানে বসে থাকতে দেখা যায়। তবে শ্রমিককে ২২ তলা পর্যন্তই যেতে হয়েছিল, নাকি এর পরও আরও কয়েক তলা বাকি ছিল, তা স্পষ্ট নয়। একইভাবে ঘটনাটি কোন এলাকার, সে বিষয়েও ভিডিওতে কোনো তথ্য দেওয়া হয়নি।
‘সোশ্যালকীড়া.ইন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। শ্রমিকের প্রতি এমন আচরণের সমালোচনা করেছেন অনেকে।
ভবনে লিফট থাকা সত্ত্বেও কেন তাকে তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। আবার ভিডিও ধারণকারী ব্যক্তি শ্রমিককে সহায়তায় এগিয়ে আসেননি কেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
জা.অর্থনীতি/এসআই
