শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কারখানা সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসন এবং উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করতে মজুরি বোর্ডকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে শ্রমিকদের জীবনমান বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতি তিন বছর অন্তর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও সরকার আগেই বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর রবিবার সকালে বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি বলেন, মজুরি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তাই সহিংস আন্দোলনের প্রয়োজন ছিল না। পুলিশের গাড়িতে আগুন, যানবাহন ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্থিতিশীলতা তৈরির উসকানি দেওয়া হচ্ছে বলে সরকারের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখার আহ্বান জানান তিনি।

জা.অর্থনীতি/এসআই