আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে দুই দেশ। এ লক্ষ্যে একটি নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত চুক্তিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিতর্কিত কিস্টোন এক্সএল তেল পাইপলাইন প্রকল্পও অন্তর্ভুক্ত হতে পারে।
রবিবার (১ নভেম্বর) আইওয়ার ডুবুকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কানাডার সঙ্গে এমন একটি চুক্তির ধারণা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের কৃষক ও সামগ্রিকভাবে দেশের জন্য লাভজনক হবে।
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে ট্রাম্পের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং কানাডার ভাষা, সংস্কৃতি ও সার্বভৌমত্বের প্রতি সম্মান নিশ্চিত করার সুযোগ রয়েছে। আগামী কয়েক সপ্তাহে দুই দেশের কর্মকর্তারা এ নিয়ে কাজ করবেন।
সম্প্রতি দুই দেশ পরস্পরের পণ্যের ওপর কয়েকশ কোটি ডলারের শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্কও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিতে কিস্টোন এক্সএল পাইপলাইন যুক্ত হলে কানাডাই এর নির্মাণ ও ব্যয়ভার বহন করবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র পাইপলাইনের পথ নির্ধারণ করবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী, কানাডার আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার কুশিং পর্যন্ত প্রতিদিন ৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিবহনের কথা ছিল। ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গুরুত্বপূর্ণ অনুমতিপত্র বাতিল করলে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এতে উদ্যোক্তা প্রতিষ্ঠান টিসি এনার্জি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে।
জা.অর্থনীতি/এসআই
