জাতীয় অর্থনীতি বিনোদন: কিং খান যে কেবল রূপালি পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তার উপস্থিতি এবং সেন্স অব হিউমার দিয়ে সবাইকে কাবু করতে পারেন, তার বড় প্রমাণ অল ইন্ডিয়া বাকচোদ (এআইবি)-এর পডকাস্টে দেওয়া তার সেই বিখ্যাত সাক্ষাৎকার। কমেডি গ্রুপ এআইবির পডকাস্টে হাজির হয়ে শাহরুখ খান তার ট্রেডমার্ক বুদ্ধিমত্তা ও রসবোধ দিয়ে পুরো অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলেন।
সাক্ষাৎকারের শুরুতেই নিজেকে খুব ‘পলিটিক্যালি কারেক্ট’ বা মার্জিত বলে দাবি করলেও, তিনি প্রতিটি প্রশ্নের জবাব এমন চটুল ভঙ্গিতে দিয়েছিলেন যে ভিডিওটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই পডকাস্টের সেরা ১০টি মুহূর্ত নিয়ে শাহরুখ খানের ৬১তম জন্মদিনে এই আলোকপাত।
১. ফিফা খেলার ভুয়া প্রস্তাব নিয়ে রসিকতা: এআইবি টিমের সাথে পরের দিন ফিফা গেম খেলার প্রমিস নিয়ে রসিকতা করে শাহরুখ অট্টহাসিতে ফেটে পড়েন এবং ট্রোল করেন।
২. নিজেকে নিয়ে ট্রোল: কথা বলতে বলতে সামান্য আটকে গিয়ে নিজেই নিজের কালজয়ী চরিত্র স্মরণ করে বলেন, ‘হঠাৎ তো আমি ক-ক-ক-ক কিরণ হয়ে গেলাম!’
৩. ট্রাম্পের আদেশে ঘুম ভাঙা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত কোনো এক ঘোষণার পর সকালে ঘুম থেকে উঠে তিনি নাকি নিজেকে বাঁচানোর জন্য হাতজোড় করে প্রার্থনা করেছিলেন, যেন বলিপাড়ার এই ‘কিং’-এর সাথে আমেরিকার ঘটনার কোনো সম্পর্ক না খোঁজা হয়!
৪. পদ্মাবত ইস্যুতে কৌশলী অবস্থান: ‘পদ্মাবত’ সিনেমার সেটে পরিচালক সঞ্জয় লীলা বানসালি আক্রান্ত হওয়ার পর অত্যন্ত সাবধানে ও কৌশলী শব্দচয়ন করে মজার ছলে উত্তর দেন শাহরুখ।
৫. সেলফি দিয়ে মুখ বন্ধ করার ফর্মুলা: সমালোচকদের থামাতে শাহরুখের যুক্তি, ‘আমার সিদ্ধান্ত হলো যে-ই আমার বিরুদ্ধে কথা বলবে, আমি তার বাড়ি গিয়ে একটা সেলফি তুলে নেব। কারণ শেষ পর্যন্ত সবাই সেলফিই চায়!’
৬. নিজের বাড়ি ‘মান্নাত’কে ছোট বলা: অট্টহাসি হেসে তিনি দাবি করেন তার বিলাসবহুল বাড়িটি নাকি বড্ড ছোট! তাই চিৎকার করে রাগ ঝাড়ার জন্য একটি সাউন্ডপ্রুফ ‘প্যাডেড রুম’ বানাতে তিনি আরও টাকা আয় করার চেষ্টা করছেন।
৭. মেরিল স্ট্রিপ ও বলিপাড়া: অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের মতো বলিউড তারকারা কেন মুখ খোলেন না? জবাবে রসিক শাহরুখের মন্তব্য, ‘এবার তো আর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাইনি, পেলে ঠিক ওই ভাষণটাই দিতাম!’
৮. ‘এআইবি রোস্ট’ ও ‘ফ্যান’ সিনেমার তুলনা: বিতর্কিত এআইবি রোস্ট শো-কে নিজের ‘ফ্যান’ সিনেমার সাথে তুলনা করে বলেন, ‘অভিনয় দুর্দান্ত ছিল, কিন্তু বক্স অফিসে পুরোপুরি ফ্লপ!’
৯. বিয়েবাড়িতে নাচ এবং লাইমলাইট: বিয়েবাড়িতে নাচতে গিয়ে বর-কনের চেয়ে বেশি আলো কেড়ে নেওয়ার প্রসঙ্গে তার জবাব, ‘তাদের তো খুশি হওয়া উচিত যে আমি কনেকে চুরি করে নিয়ে যাচ্ছি না!’
১০. প্রথমবার ফার্স্ট ক্লাসে বিমান ভ্রমণের অভিজ্ঞতা: ক্যারিয়ারের শুরুর দিকে প্লেনের ইকোনমি ক্লাসে বাদাম খেতে খেতে ফার্স্ট ক্লাসের সুখ-স্বাচ্ছন্দ্য দেখে তিনি প্রমোটারকে প্রশ্ন করেছিলেন, ‘ওরা রোস্ট খাচ্ছে আর আমি বাদাম, এই বৈষম্য কেন?’
কিং খানের নিজস্ব স্টাইলের এই অসামান্য রসবোধ ও খোলামেলা আড্ডা পডকাস্টটিকে বিনোদন জগতের এক অনন্য ও দর্শকনন্দিত সাক্ষাৎকারে পরিণত করেছে।
জা. অর্থনীতি/এআর