এভারেস্টের বেসক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের হিমালয় অঞ্চলে পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াতে ব্যবহৃত দুটি হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ গেছে এক বিদেশি নাগরিকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি ঘটেছে এভারেস্টের বেসক্যাম্পের কাছাকাছি সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে দুটি হেলিকপ্টার একই সময়ে অবতরণের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আনন্দবাজার ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার দুটি যথাক্রমে ‘এয়ার ডায়নাস্টি’ ও ‘ফিশটেল এয়ার’ সংস্থার। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বরফে ঢাকা পাহাড়ি এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষের দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সোলুখুম্বু জেলার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সংঘর্ষের পর ঘটনাস্থলেই এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির নাম, পরিচয় ও জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি। আহত অপর ব্যক্তিকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩৭১ মিটার উচ্চতায় অবস্থিত ফেরিচে গ্রামটি কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। হিমালয়ঘেরা এই এলাকা থেকে অনেক পর্যটক এভারেস্টের বেসক্যাম্পে যাওয়ার যাত্রা শুরু করেন।

নেপালে দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটক ও পর্বতারোহীদের পরিবহন, জরুরি উদ্ধার এবং মালামাল সরবরাহে হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে প্রতিকূল আবহাওয়া ও দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।

জা.অর্থনীতি/এসআই