লালমনিরহাট প্রতিনিধি: মাদকব্যবসা বন্ধে সরকারের কোনো সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
তার দাবি, বর্তমান সময়ে মাদক ব্যবসার শীর্ষ পর্যায়ের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, অসংখ্য ছাত্রদল নেতাকর্মী মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ থাকা সত্ত্বেও তা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, সরকার সুকৌশলে আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে মাদকে আসক্ত করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে উঠে-পড়ে লেগেছে।
অনুষ্ঠানে এ সময় লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/এনজে
