মিরপুরে কারখানার সামনে অবস্থান, কঠোর অবস্থানে পুলিশ

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীর মিরপুরে কারখানা ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে তার তাদের নিজ কারখানার সামনে অবস্থান নেন। তৃতীয় দিনের মতো তারা যে কোন সময় বিক্ষোভ করতে রাস্তায় নেমে পড়তে পারেন। 

এদিকে বিশৃঙ্খলা রোধে পুলিশও শক্ত অবস্থান নিয়ে আছেন। তবে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় এই চিত্র দেখা যায়। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ইউসুফ আহমেদ জানান, মিরপুর-১১ থেকে ১০ এর দিকে কয়েকটি কারখানার নারী ও পুরুষ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ গলির রাস্তায় জোট বেঁধে থাকতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে, তারা যেকোনও সময় রাস্তায় নামতে পারেন।’ 

এদিকে পুলিশও কঠোর অবস্থান নিয়ে আছে। যেকোনও বিশৃঙ্খলা তারা কঠোরভাবে দমন করবেন বলে জানান তারা।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’ 

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে গত রবিবার থেকে আন্দোলন সহিংস রুপ ধারণ করে। রবিবার তারা পুলিশের গাড়িতে আগুন দেয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেনি।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল সোমবার ৬ জনের মত বিশৃঙ্খলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছে। মামলায় ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। 

—জা. অর্থনীতি/এএইচএ