মন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য: নাসীরুদ্দীন পাটোয়ারীকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটোয়ারীর কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট)-এর পক্ষে অ্যাডভোকেট মাহমুদ রহমান মিশন ভূঁইয়া মঙ্গলবার (৩ নভেম্বর) এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটোয়ারী ঢাকার একটি জনসভায় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন।

পরবর্তী সময়ে সেই বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন নিউজে প্রকাশিত ও প্রচারিত হয়।

নোটিশে দাবি করা হয়, ওই বক্তব্যে মন্ত্রীর বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সুনাম ও মর্যাদার অপূরণীয় ক্ষতি সাধন করেছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটোয়ারী জনসমক্ষে ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং মন্ত্রীর নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

অন্যথায়, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে