জাতীয় অর্থনীতি স্পোর্টস: নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে এই কমিটির প্রধান করা হয়েছে।
বিসিবি সংশ্লিষ্ট কারও প্রভাব বা স্বার্থের সংঘাত এড়াতে সম্পূর্ণ স্বাধীন এই কমিটিতে বোর্ডের বাইরের ব্যক্তিদের রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এছাড়া একজন সাবেক নারী ক্রিকেটারও এই কমিটিতে যুক্ত হবেন, যার নাম খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে।
নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এমন একটি কমিটির জোরালো দাবি ছিল। নতুন এই উদ্যোগের ফলে নারী ক্রিকেটাররা এখন থেকে কোনো ধরনের দ্বিধা, ভয় বা ভীতি ছাড়াই তাদের যেকোনো অপ্রীতিকর অভিজ্ঞতা ও যৌন হয়রানির অভিযোগ স্বাধীনভাবে জানাতে পারবেন।
অতীতে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা নিপীড়নের অভিযোগের পর বিসিবির এমন পদক্ষেপ নারী ক্রিকেটে সুরক্ষাব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
জা. অর্থনীতি/এআর
