জাতীয় অর্থনীতি স্পোর্টস: আর মাত্র দুই দিন পরই ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। তবে টুর্নামেন্ট শুরুর দোরগোড়ায় এসেও মাঠে দর্শকের উন্মাদনা বা উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে না। চড়া দামের টিকিট এবং আয়োজকদের নানা সমন্বয়হীনতার কারণে উদ্বোধনী দিনের সাধারণ গ্যালারির প্রায় ৭৫ শতাংশ টিকিটই এখন পর্যন্ত অবিক্রীত রয়ে গেছে।
জাতীয় স্টেডিয়ামের ১৮ হাজার ৩০০ সাধারণ গ্যালারির আসনের বিপরীতে টিকিফাইয়ের ওয়েবসাইট অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৩ হাজার ৭৩৬টি টিকিটই বিক্রি হয়নি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উদ্বোধনী দিনে ভারত-পাকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান মাঠে নামলেও সাধারণ গ্যালারির প্রতিটি টিকিটের দাম এক হাজার টাকা হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে অসন্তোষ ও অনীহা দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখার ক্ষেত্রে এই দাম বেশ চড়া বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।
টিকিটের অতিরিক্ত দামের পাশাপাশি টুর্নামেন্ট ঘিরে প্রচারের তীব্র ঘাটতি রয়েছে। স্বাগতিক দেশ হিসেবে সাফ কর্তৃপক্ষ বাফুফেকে ৫০ লাখ টাকা দিলেও পুরো আয়োজন নিজেদের ব্যবস্থাপনায় করায় বাফুফে অনেকটা দূরে রয়েছে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আয়োজকদের অসহযোগিতা ও প্রস্তুতির ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া দলগুলোর আগমন ও অনুশীলনের শিডিউলসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহেও উদাসীনতা দেখা গেছে।
উল্লেখ্য, ২০০৩ সালে ঘরের মাঠে ঐতিহাসিক শিরোপা জয়ের পর ২৩ বছর পর আবারও ঢাকায় সাফ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে মাঠের লড়াই শুরুর আগে টিকিট সংকট, প্রচারের অভাব ও অব্যবস্থাপনার কারণে উদ্বোধনী দিনে গ্যালারির বড় অংশ ফাঁকা থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জা. অর্থনীতি/এআর
