জাতীয় অর্থনীতি অনলাইন: পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য জানান।
আটককৃতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, তারা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম আটকের বিষয়ে বলেন, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা তৈরির যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে এই তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। এর মধ্যে জিরাবো এলাকা থেকে শামীমকে, বসুন্ধরা সোনিয়া মার্কেট থেকে হালিম ও মনসুরকে আটক করা হয়।
আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে জানিয়েছেন ওসি। হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
—জা. অর্থনীতি/এএইচএ
