অভিশংসনের ঝুঁকিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দায়িত্ব ধরে রাখা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচনের তিক্ত ফলাফলের পর দলের ভেতরে তৈরি হওয়া অসন্তোষের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর এখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে সবার নজর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ভবিষ্যৎ অবস্থানের দিকেই নিবদ্ধ রয়েছে।

রিপাবলিকান পার্টির অনেক নেতার অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্পকে ভুল বুঝিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর নেপথ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন। দলীয় নেতাদের মতে, এই ‘অজনপ্রিয়’ যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা সাধারণ ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করে। ফলে সেই ক্ষোভের জেরেই মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ ব্যালটের মাধ্যমে রিপাবলিকানদের প্রত্যাখ্যান করেছে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকদের একাংশ।

দলের অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও প্রতিরক্ষামন্ত্রীর পক্ষেই অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধের চড়া মূল্য তাদের নির্বাচনের ফলাফলে দিতে হয়েছে, তবুও তিনি দাবি করেছেন যে তেহরানের ওপর সামরিক পদক্ষেপ নেওয়া তাদের জন্য জরুরি ছিল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অনেকেই তাঁকে হেগসেথকে নিয়ে ফোন করছেন, যার কারণ তাঁর কাছে স্পষ্ট নয়; কারণ তিনি মনে করেন প্রতিরক্ষামন্ত্রী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এ সময় ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে বহাল রাখার বিষয়ে তাঁর পূর্ণ মানসিক প্রস্তুতি রয়েছে।

তবে প্রেসিডেন্টের এই মনোভাবের বিপরীতে রিপাবলিকানদের ভেতর থেকেই হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী রিপাবলিকান সদস্য এবং ট্রাম্পের কঠোর সমালোচক থমাস ম্যাসি নতুন কংগ্রেস গঠনের আগেই প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই আইনপ্রণেতা উল্লেখ করেন, সিনেটে ক্ষমতার রদবদল ও পরিবর্তন নিশ্চিত হওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত অবিলম্বে পিট হেগসেথকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া।
জেএ/অভি