বিনোদন ডেস্ক: সিনেমার গল্পের প্রয়োজনে পর্দায় দর্শক কতোকিছু দেখতে পান। এবার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নজিরবিহীন ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে দর্শক। দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা অ্যাটলির হাত ধরে এবার বড় পর্দায় এক বিশাল চমক আসতে যাচ্ছে। প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। একইসঙ্গে দেখা যেতে পারে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকাকেও। এমনটাই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘রাকা’ শিরোনামের একটি উচ্চাভিলাষী প্রজেক্টে দুই ভিন্ন জগতের এই দুই মহাতারকাকে একসঙ্গে দেখার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুই তারকার অগুনতি ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এজন্য স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।
এদিকে, চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। বছরের শুরুতেই সিনেমাটির টিজার প্রকাশ্যে আসে। যেখানে পাহাড়ের ওপর দাঁড়িয়ে শাহরুখের সেই চেনা ‘লার্জার দ্যান লাইফ’ অবতার ও হুঙ্কার ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেয়। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
এর মধ্যেই শাহরুখ-আল্লু অর্জুনের একসঙ্গে কাজ করার খবরটি নতুন করে আগুনের মতো ছড়িয়েছে। এর আগে, অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিলো আল্লু অর্জুনের। তবে, শিডিউল জটিলতায় শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এবার সেই আক্ষেপ মিটতে যাচ্ছে। তবে, এবারের সমীকরণ কিছুটা উল্টো। আল্লু অর্জুনের সিনেমাতেই ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান!
মূলত, ‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই এই জল্পনার সূত্রপাত। পোস্টারটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছিলেন বলিউড বাদশা। তখন উত্তরে অ্যাটলি লিখেছিলেন, ‘লাভ ইউ স্যার, আপনাকে আরও গর্বিত করবো।’ সেই থেকেই ধারণা করা হচ্ছে, অ্যাটলির এই প্রজেক্টেই যুক্ত হচ্ছেন শাহরুখ।
সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় দেখা যেতে পারে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকাকেও। এর আগে, কিং খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন তিনি। এবার ‘রাকা’র হাত ধরে ফের এই ত্রয়ীর রসায়ন বড় পর্দায় দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। পরিচালক অ্যাটলি তার নিখুঁত নির্মাণশৈলী আর তারকাবহুল কাস্টিংয়ের জন্য পরিচিত। তাই সব ঠিক থাকলে ‘রাকা’ যে ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্যে এবং জনপ্রিয়তায় নতুন এক মাইলফলক স্থাপন করবে, তা এখন থেকেই স্পষ্ট।
—জা. অর্থনীতি/এনএ