সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) ভোরে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় কালিন্দী নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোররাত আনুমানিক ২টার দিকে মহিউদ্দিন ও শাহীন ভারতের সীমান্ত পার হয়ে কালিন্দী নদী সাঁতরে কালিগঞ্জের বসন্তপুর ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় ভারতের হিঙ্গলগঞ্জ ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা ২ জনই গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।
পরে রাত সোয়া ৩টার দিকে স্থানীয় লোকজন তাদের কালিন্দী নদীসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি মহিউদ্দিন ও শাহীন প্রায় এক বছর আগে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতের কলকাতায় যান। সেখান থেকে তারা তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। ভোরে একই উপায়ে সীমান্ত পেরিয়ে তারা নিজ বাড়িতে ফিরছিলেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ২ জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
—জা. অর্থনীতি/এলএটি/এনজে