মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তার এই মনোনয়নে জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। নব্বইয়ের দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে যাত্রা শুরু করে তিনি পর্যায়ক্রমে কলেজ, জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে যুবদলের রাজনীতিতে সক্রিয় হয়ে দলটির কেন্দ্রীয় পর্যায়েও পদ লাভ করেন।
রাজনৈতিক জীবনে তিনি মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দূরদর্শী নেতৃত্বে জেলার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হিসেবে তার দায়িত্ব পাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দনের জোয়ার দেখা গেছে। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় জাকির হোসেন উজ্জ্বল জানান, যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে তিনি অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। সংগঠনকে আরও গতিশীল করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের ভূমিকা জোরদার করাই হবে তার প্রধান লক্ষ্য।
এদিকে তার এই মনোনয়নকে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় পর্যায়ে তার সক্রিয় ভূমিকার মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
—জা. অর্থনীতি/এলএটি