গাংনীতে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে স্থানীয় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল— “এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না”।

দোকানি শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ব্যবসা-বাণিজ্য শেষে মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

—জা. অর্থনীতি/এলএটি