একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান!

বিনোদন ডেস্ক: আবারও আলোচনায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান । কারণ, এবার প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে একই গাড়িতে ঘুরতে দেখা গেছে তাকে! যদিও বেশ কিছুদিন আগে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। এবার জানা গেলো এটি শুধু গুঞ্জন নয়; সত্যি হতে চলেছে আমির খানের বিয়ের খবর। 

ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। বিয়ে ঠিক হওয়ার পর দেখা গেছে আমির খান তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও হবু বউ গৌরী স্প্র্যাটের সঙ্গে একই গাড়িতে ঘুরছেন! 

শুধু কি তাই, ‘মিস্টার পারফেকশনিস্ট’ যেন পর্দার নায়কের মতো সব সামলে নিতে পারেন চাইলেই। প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সঙ্গেই তিনি দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন জীবনে পা রাখবেন এই অভিনেতা। 

এদিকে, সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং প্রেমিকা তথা হবু স্ত্রী গৌরী স্প্র্যাট! 

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা যায়, প্রথমে গাড়িতে ওঠেন গৌরী স্প্র্যাট। এরপর একই গাড়িতে ওঠেন কিরণ রাও ও ছেলে আজাদ। সামনের আসনে বসেছিলেন আমির খান নিজে। গাড়ির কাচ তোলা থাকলেও হাসিমুখে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় অভিনেতাকে। 

ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায়, পেছনের আসনে পাশাপাশি বসে গল্পে মেতে আছেন কিরণ রাও ও গৌরী স্প্র্যাট! তাদের মাঝখানে বসে ছিল আমিরের ছেলে আজাদ। এই দৃশ্যই নেটিজেনদের নজর কেড়েছে সবচেয়ে বেশি। 

এর আগে, আমির খান রীনা দত্তকে বিয়ে করেছিলেন, সেই সংসারে জুনাইদ এবং ইরা নামে দুটি সন্তান রয়েছে। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং এই প্রাক্তন দম্পতির আজাদ নামে একটি ছেলে রয়েছে। আমির এবং কিরণ ২০২১ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। 

—জা. অর্থনীতি/এনএ