বিনোদন ডেস্ক: বিচ্ছেদের তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রীর জীবনের নতুন অধ্যায়ের শুরুতে এক অনন্য নজির স্থাপন করলেন হলিউড তারকা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই সামনে দাঁড়িয়ে তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। এমনকি নব দম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও তার উপস্থিতি সবার দৃষ্টি কেড়েছে।
গেল শনিবার (১০ অক্টোবর) হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে নাইজেরিয়ার প্রভাবশালী বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। টোবি ম্যাগুয়ার সঙ্গে জেনিফারের বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই বিয়ে অনুষ্ঠিত হয়।
তারকাখচিত এই বিবাহ অনুষ্ঠানে হলিউড ও ব্যবসায়িক জগতের বহু নামিদামি লোকজন উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, কোর্টনি কক্স, র্যাচেল জো এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোসও।
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া টোবি ও জেনিফারের দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে বিচ্ছেদ হয় এবং ২০২০ সালে তা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। তাদের দুই সন্তানও রয়েছে।
তবে প্রাক্তন স্ত্রীর এই বিশেষ দিনে টোবির সরব উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা এখন হলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জা. অর্থনীতি/এআর