বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী আত্মসমর্পণ করেছেন। ঢাকার মিরপুরে বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন এই অভিনেতা। আত্মসমর্পণের পর তিনি আদালতের কাছে জামিন আবেদন করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর তিনি এ জামিন আবেদন করেন।
এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুরে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারগাারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, চলতি বছর ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা করেন।
ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হন’ বলে অভিযোগ করা হয়।
এ মামলার প্রায় ৪ মাস পর আত্মসমর্পণ করেছেন আলভী। বৃহস্পতিবার আত্মসমর্পণের পর ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদনও করেন। আদালত সূত্রে জানা যায়, পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত জাহের আলভীর পক্ষ থেকে আদালতে বলা হয়, তিনি ঘটনার দিন কাজের সূত্রে বিদেশে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর সঙ্গে কোনোভাবে তিনি জড়িত নন। তার স্ত্রীর আত্মহত্যার পেছনে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।
অভিনেতার জামিনের পক্ষে আদালতে আরও বলা হয়, এ দম্পতির একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
প্রসঙ্গত, ইকরার মৃত্যর পর আলভী আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত দেশে ফেরেন ও আত্মসমর্পণ করেন। তার আত্মসমর্পণের আগে অভিনেতার মা নাসরিন সুলতানা একই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান।
—জা. অর্থনীতি/এনএ