না ফেরার দেশে সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ
ছবি: জাতীয় অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশের বিএনপির রাজনীতির বর্ষীয়ান নেতা, সাবেক চিফ হুইপ ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশীদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অ্যাডভোকেট হারুন আল রশীদ ১৯৩৯ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নে জন্মগ্রহণ করেন। আইন পেশা থেকে রাজনীতিতে এসে তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ (ফেব্রুয়ারি ও জুন) এবং ২০০১ সালের নির্বাচনে মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা এবং বাদ আসর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মরহুমের পরিবারের সদস্যরা দেশের বাইরে থেকে ফেরার পর আলোচনা করে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে নামাজে জানাজার সময়সূচী নির্ধারণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি