ঝিনাইদহ প্রতিনিধি: বিচার বিভাগের আধুনিকায়ন এবং আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণ ফান্ডে পর্যাপ্ত সরকারি বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঝিনাইদহ জেলা আদালত চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে সমিতির শতাধিক সদস্য ও নেতৃস্থানীয় আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম, সাবেক সভাপতি ও বর্তমান পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমানসহ জেলা বারের সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হয়েও আইনজীবীদের কল্যাণ খাতে সরকারের বর্তমান বরাদ্দ একেবারেই অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বাংলাদেশ বার কাউন্সিল থেকে তার পরিবারকে মাত্র ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৩০-৪০ বছর সাধারণ মানুষকে আইনি সেবা প্রদানকারী একজন আইনজীবীর জীবদ্দশায় কোনো পর্যাপ্ত চিকিৎসা বা আর্থিক নিরাপত্তার সুনির্দিষ্ট সুবিধা নেই। পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে আইনজীবীদের কল্যাণে রাষ্ট্রীয় বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তার আইনি কাঠামো তৈরির জোর দাবি জানান তারা।
—জা. অর্থনীতি/এলএটি