বিনোদন ডেস্ক: কমিকসের পাতায় তার জন্ম বহু আগে। কিন্তু বড় পর্দায় তার যাত্রা খুব সুখকর ছিল না। ১৯৮৪ সালে মুক্তি পায় প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। তবে, বক্স অফিসে ব্যর্থতা এবং সমালোচকদের সমালোচনার কারণে এগোতে পারেনি। ৪২ বছর পর ফের মুক্তি পেয়েছে নতুন ‘সুপারগার্ল’। এবারও বক্স অফিসে বদলালো না ‘সুপারগার্ল’-এর ভাগ্য!
১৭০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মাত্র ৩৮ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয় করেছে মাত্র ৩০ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এখন পর্যন্ত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিসি স্টুডিওজের পকেটে ঢুকেছে মাত্র ৬৮ মিলিয়ন ডলার।
হলিউডভিত্তিক গণমাধ্যম ‘ডেডলাইন’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘সুপারগার্ল’-এর বক্স অফিস ওপেনিং মার্ভেলের ইতিহাসের সর্বনিম্ন ওপেনিংয়ের চেয়েও কম। এমনকি আয়ের দিক থেকে সিনেমার প্রযোজনা সংস্থা ডিসির ২০২৪ সালের অন্যতম ফ্লপ সিনেমা ‘জোকার: ফোলি আ ডু’-এর সমান আয় করেছে।
বক্স অফিসে এমন বিপর্যয় সত্ত্বেও এখনই আশা হারাচ্ছে না ডিসি কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ডিসি স্টুডিওজের সহকারী নির্বাহী পিটার সাফরান বলেন, ‘যদিও ‘সুপারগার্ল’ আমাদের বক্স অফিসের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে এটি ডিসি স্টুডিওজের একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদী কৌশলের কেবল একটি অংশ মাত্র, যার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
—জা. অর্থনীতি/এনএ
