নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পের অংশ ঢাকা জেলার সীমানায় যুক্ত করে এই ৩ জেলা পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন মোট ১৬টি মৌজার ৬০২১.৬১২৫ একর জায়গা ঢাকা জেলার সীমানায় অন্তর্ভুক্ত করা হবে।
এর মধ্যে রয়েছে- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পাড়াবর্থী (আংশিক) ও বড়কাউসহ (আংশিক) মোট ২টি মৌজা। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাইজগাঁও, হারারবাড়ী, ভোলানাথপুর, সুলপিনা ও পিতলগঞ্জ মৌজাসমূহ সম্পূর্ণভাবে (পূর্ণাঙ্গ) এবং ইউসুফগঞ্জ, পশি, টেকনোয়াদ্দা, গুতিয়াব, বাঘবের, ব্রাহ্মণখালী, কামতা, হিরনাল ও রঘুরামপুর মৌজাসমূহ আংশিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত হচ্ছে।
এই ১৬টি মৌজার সমন্বয়ে গঠিত পূর্বাচল প্রকল্প এলাকাটি এখন থেকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার অংশ হিসেবে গণ্য হবে, যার ফলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানা পুনর্গঠিত হলো।
—জা. অর্থনীতি/এ