সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে র্যাব ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আনুমানিক ১৩ থেকে ১৪ লক্ষ টাকা মূল্যের এই বিপুল পরিমাণ মাছ বিনষ্ট করা হয়।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুড়াখারাটি গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে জেলি বা অপদ্রব্য পুশ করাচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আশাশুনি থানার পুলিশ ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ী দুই ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী, পুশ করার কেমিক্যাল ও সিরিঞ্জ জব্দ করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করেন এবং পরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ নষ্ট করে দেন। মৎস্য অফিস জানিয়েছে, জব্দকৃত মাছের ওজন ১ হাজার ৩৪২ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক ১৩ থেকে ১৪ লক্ষ টাকা। আইন অমান্য করে চিংড়িতে অপদ্রব্য পুশকারী পলাতক ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
—জা. অর্থনীতি/এলএটি