যশোর প্রতিনিধি: যশোর শহরের ব্যস্ততম বড় বাজার হাটচান্নি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের সিটি গোল্ড ও ছিপ-বড়শির সুতার চারটি দোকান পুড়ে গেছে, যার মধ্যে তিনটি দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে প্রাথমিকভাবে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (৫ জুলাই) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পারভেজ শেখ ও মনিরুল ইসলাম জানান, বাজারে তাদের বড় দুটি সিটি গোল্ডের দোকান ছিল। সকাল সাড়ে সাতটার দিকে পাশের দোকানদার মোহাম্মদ নাঈম প্রথম ধোঁয়ার কুণ্ডলী ও আগুন জ্বলতে দেখে সবাইকে খবর দেন। পারভেজ শেখের দোকানে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং মনিরুল ইসলামের দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল, যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আশ্রম রোডের বাসিন্দা রাশেদুল ইসলামের একটি ছিপ-বড়শির দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে মাসখানেক আগে তোলা প্রায় এক লাখ টাকার নতুন মালামাল ছিল।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, যথাসময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারেনি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সেখানকার সার্বিক পরিবেশ ও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি