মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে রান্নার লাকড়ি তুলতে গিয়ে বিষধর সাপের ছোবলে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হলেন— খাদিজা বেগম। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রান্নার প্রস্তুতি নিতে খাদিজা বেগম রান্নাঘরে যান। সেখানে জমানো লাকড়ির স্তূপ থেকে খড়ি আনতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। বিষক্রিয়ায় তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই বিষক্রিয়ায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। ওয়ান স্টপ ইমার্জেন্সি থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি