সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে ৫ নম্বর ওয়ার্ডের চালতেতলা বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে মাদক কারবারিদের এলাকা ছাড়তে আগামী শুক্রবার পর্যন্ত তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় জুমার নামাজের পর স্থানীয়দের নিয়ে পাড়ায় পাড়ায় মাদকবিরোধী গণ-অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন— আব্দুল্লাহ আল আমিন, নেসারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আমিরুল ইসলাম, মনিরুজ্জামান (মাস্টার), ইসমাইল হোসেন, মো. গোলাম কবির এবং শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাদকবিরোধী অভিযানের উদ্যোক্তা ও সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামী শুক্রবারের মধ্যে মাদক ব্যবসায়ীরা এলাকা না ছাড়লে জুমার নামাজের পর ৫ নম্বর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্যাপক মাদকবিরোধী সামাজিক অভিযান পরিচালনা করা হবে। মানববন্ধনে বক্তারা সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
—জা. অর্থনীতি/এলএটি