কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের এক নবজাতক শিশুর মরদেহ বহনকারী নৌকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। মরদেহ বহনকারী নৌকায় এমন আকস্মিক ও নৃশংস ডাকাতির ঘটনায় নৌকায় থাকা নিহতের স্বজনরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও স্লুইজ গেইট এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি হলেন— মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্ৰামের বাবু মিয়ার সন্তান। তার বয়স হয়েছিল মাত্র ১০ দিন।
নৌকার মাঝি রতন মিয়া জানান— মৃত শিশুর মরদেহ নিয়ে নৌকাটি করিমগঞ্জের চামড়া ঘাট থেকে মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে যাচ্ছিল। পথে নোয়াগাঁও স্লুইজ গেট এলাকায় পৌঁছালে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলন্ত নৌকার গতিরোধ করে। এরপর তারা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি এবং স্বজনদের কাছে থাকা নগদ ৪ হাজার টাকা জোরপূর্বক লুট করে চম্পট দেয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খাঁন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য বা লিখিত অভিযোগ পাইনি। তবে হাওরাঞ্চলে মরদেহবাহী নৌকায় এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা নৌ পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখছি এবং জড়িত ডাকাত চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
—জা. অর্থনীতি/এলএটি