আন্তর্জাতিক ডেস্ক: ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে নিজের আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক শিক্ষিকাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ওই শিক্ষিকার নাম ক্যাসিডি কার্টার (২১)। সম্প্রতি ইন্ডিয়ানার ডিয়ারবর্ন কাউন্টির একটি আদালত এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, সাউথ ডিয়ারবর্ন কমিউনিটি স্কুল কর্পোরেশনে বদলি শিক্ষিকা হিসেবে কর্মরত থাকাকালীন ক্যাসিডি কার্টার ওই কিশোরের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘স্ন্যাপচ্যাট’-এ যোগাযোগ গড়ে তোলেন। পরবর্তীতে তিনি ওই ছাত্রকে একাধিক গোসলের নগ্ন ছবি পাঠান এবং তাকে ভালোবাসেন বলেও জানান। ২০২৩ সালের ডিসেম্বরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাকে জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
তদন্তকারী কর্মকর্তারা পরবর্তীতে কার্টারের মোবাইল ফোনে ওই কিশোরকে পাঠানো আপত্তিকর ছবি এবং মেসেজগুলোর সত্যতা খুঁজে পান।
প্রাথমিকভাবে কার্টারের বিরুদ্ধে ‘শিশু প্ররোচনা’ বা শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে ডিয়ারবর্ন কাউন্টির সরকারি কৌঁসুলি লিন ডেডেনস জানান, ভুক্তভোগী শিক্ষার্থী পরবর্তীতে ওই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং মামলাটি নিয়ে আর এগোতে অনিচ্ছা প্রকাশ করে। ফলে তার মানসিক ও সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে অভিযোগের ধারা পরিবর্তন করা হয়। পরবর্তীতে আদালতে নিজের অপরাধ স্বীকার করেন শিক্ষিকা। পরে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
সূত্র: ফক্স নিউজ
জা.অর্থনীতি/এসআই