অতিবৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত, ভোগান্তিতে সাধারণ মানুষ
ছবি: জাতীয় অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গত রাতের মুষলধারে ও টানা অতিবৃষ্টিতে শহরের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে জেলা শহরের চাঁদমারি মাঠ, আরামপাড়া, দক্ষিণ হাসপাতাল পাড়া, গুলশানপাড়াসহ বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক পানি জমে গেছে। অনেক প্রধান ও উপ-সড়কেও তীব্র জলাবদ্ধতা দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।  

শুক্রবার (১০ জুলাই) প্রবল বৃষ্টির কারণে শহর এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত এবং অধিকাংশ মানুষই দিনভর ঘরে অবরুদ্ধ সময় পার করেছেন।

শহরের আরামপাড়ার ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, হঠাৎ অতিরিক্ত বৃষ্টির কারণে আরামপাড়ার অনেকের বাড়িঘরের ভেতর পানি ঢুকে গেছে। রাস্তায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই দুর্ভোগের কথা জানিয়ে শহরের গুলশানপাড়ার বাসিন্দা আসমত আলী বলেন, গুলশানপাড়া থেকে দক্ষিণ হাসপাতাল পাড়া পর্যন্ত এলাকাটি ভৌগোলিকভাবে অনেকটাই নিচু। ফলে সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে যায়, আর এবার তো রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। বর্তমানে পাড়ামহল্লার অধিকাংশ রাস্তাই পানির নিচে তলিয়ে রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার ভোর ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলা মুষলধারে বৃষ্টিপাতে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দুপুরে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করতে পারে।

 —জা. অর্থনীতি/এলএটি