মিঠামইন: বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় আটক ৩
ছবি: জাতীয় অর্থনীতি

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিদের নৃশংস হামলায় খুন হয়েছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর। বুধবার রাতে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। 

বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—বরগুনার বামনা উপজেলার হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মহিন উদ্দিন (৩২) ও শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে তারা ঢাকার একটি ভাড়াটে খুনি চক্রের সদস্য।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বুধবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। খুনিরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় জাহাঙ্গীরের সাথে থাকা হাদিস মিয়া বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। তবে মারাত্মক আহত অবস্থায়ও হাদিস মিয়া হেলাল নামের এক খুনিকে জাপটে ধরে ফেলেন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, কোপে জাহাঙ্গীরের দুই হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঘটনাস্থল থেকে হেলালকে আটকের পর রাতেই করিমগঞ্জের বালিখোলা এলাকা থেকে হাওর পাড়ি দিয়ে পালানোর সময় আরও দুই সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, “হত্যাকাণ্ডটি ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিরাই ঘটিয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।” 

এদিকে, বৃহস্পতিবার সকালে নিহত বিএনপি নেতার মরদেহ দেখতে হাসপাতালে আসেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “জাহাঙ্গীর আমার সন্তানের মতো ছিল। গত ১৫ বছর স্বৈরাচারী সরকার ও স্থানীয় ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সে আপসহীন লড়াই করেছে। হাওরের মতো শান্ত এলাকায় ঢাকা থেকে খুনি এনে তাকে যেভাবে হত্যা করা হলো, তা আমার কল্পনার বাইরে। আমি এই নির্মম ও চক্রান্তমূলক হত্যাকাণ্ডের পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।” 

—জা. অর্থনীতি/এলএটি