মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রধারী ডাকাত দল হামলা চালিয়ে গৃহকর্তা বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে। পরে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে রেখে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আলমের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ও তালা ভেঙে গৃহকর্তা নুরুল আলমের সিঙ্গাপুরপ্রবাসী ছেলে গিয়াস উদ্দিন ও কাতারপ্রবাসী ছেলে নুরউদ্দিনের ঘরে প্রবেশ করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা নুরুল আলমকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে পরিবারের নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি ও বেঁধে রেখে আলমিরা তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে চম্পট দেয়।
আহত নুরুল আলম জানান, "ছেলেরা প্রবাসে থাকায় বাড়িতে আমি ছাড়া কোনো পুরুষ সদস্য ছিল না। ডাকাত দল হঠাৎ ঘরে ঢুকে তাণ্ডব শুরু করে, আমি বাধা দিলে আমাকে কুপিয়ে জখম করে মাথায় পিস্তল ঠেকিয়ে রাখে।"
কাতারপ্রবাসী নুরউদ্দিনের স্ত্রী সাহেলা আক্তার সুমি ও সিঙ্গাপুরপ্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম জানান, ডাকাতদের প্রত্যেকের হাতে পিস্তল, রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। তাদের পরনের পোশাক ও কথাবার্তার ধরন দেখে স্থানীয় কারও সম্পৃক্ততা থাকতে পারে বলে তাঁদের ধারণা।
ডাকাতির পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পর আলামত সংগ্রহ করেছে।
ওসি জানান, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি