চাঁদপুর প্রতিনিধি: মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চাঁদপুর শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন।
বুধবার (১২ আগস্ট) প্রকাশিত আদেশে বরখাস্ত হওয়া সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই), আরিফ হোসাইন (বিপি নং ৮৮০৭১২২৩৪৪) , সহকারী উপ- পরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ (বিপি ৮৪০৩১১১৪৯১), কনস্টেবল শরিফ উদ্দিন (বিপি ৯৬১৫১৭৮৭৩৭), গাড়ি চালক নজরুল ইসলাম (বিপি ৮২০১০৮৮৪১৮), ও কনস্টেবল ইসতিয়াক (বিপি ৯৪১৪১৬৯৪৪৪)।
মামলা ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তির আয়নাতলি বাজারে স্থানীয় জনতা মিজানুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার মোবাইল ফোনে পুলিশের সঙ্গে অর্থ লেনদেন ও কথোপকথনের তথ্য পাওয়া গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ সুপার তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
—জা. অর্থনীতি/এলএটি