অল্প জমি ব্যবহার করেও মাছ চাষে স্বাবলম্বী হওয়া সম্ভব
ছবি: জাতীয় অর্থনীতি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নদীমাত্রিক বাংলাদেশে পতিত জলাশয় ব্যবহার ও অল্প জমিতে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন সরকারপ্রধান।

পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের খাল-বিল, নদী-নালা ও হাওর-বাওড় মানুষের ব্যবহৃত আবর্জনা, প্লাস্টিক বোতল এবং টিস্যু পেপারের কারণে দূষিত হচ্ছে। পরিবেশ নষ্ট হলে আমাদের মৎস্য সম্পদ চরম হুমকির মুখে পড়বে। পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় আমাদের নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের তাগিদে সচেতন হতে হবে।”  

তিনি আরও উল্লেখ করেন, মাছ চাষ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ব্যবস্থার মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সরকার সারা দেশের পতিত সরকারি জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার যুবকদের মাঝে বণ্টন করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে মাছের পোনা অবমুক্ত করে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।  

অনুষ্ঠানে ইলিশ সম্পদ রক্ষায় বিএনপির আগের উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ২০০৩-০৪ সালে প্রণীত ‘ইলিশ ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’-এর ধারাবাহিকতায় দেশে ইলিশের উৎপাদন বহুলাংশে বেড়েছে। বর্তমান সরকার মৎস্যচাষীদের 'কৃষক কার্ড'-এর আওতায় এনেছে এবং জেলেদের নিবন্ধন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ কার্ড প্রদান কার্যক্রম জোরালো করেছে।  

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক।

—জা. অর্থনীতি/এলএটি