কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা (৫৮)। আহতরা হলেন- তাদের মেয়ে মারজিয়া খাতুন এবং জাহাঙ্গীর ও মাহিম।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় নুরু মিয়া ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত মারজিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি