সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে প্রায় ২০ হাত দূরে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়, এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। আঘাতপ্রাপ্ত যাত্রীরা প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যান। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

ওসি বলেন, আমরা ঘটনাস্থল ভিজিট করেছি। দুর্ঘটনা ঘটেছে সড়কে তাই সেটা হাইওয়ে পুলিশ দেখবে। ইতোমধ্যে খর্নিয়া হাইওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। তবে সোহাগ পরিবহনের নামে নিয়মিত মামলা দায়ের করার কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। বাসটির চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি