নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার, আদালত প্রাঙ্গণে মাটিচাপা
ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত একটি জবাই করা হরিণ আদালতের নির্দেশে মাটিচাপা দেওয়া হয়েছে। অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চরাঞ্চল থেকে পালিয়ে যায় হরিণ শিকারিরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হরিণটি উদ্ধার করা হয়। পরবর্তীতে দুপুরে হরিণটি হাতিয়া আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারকের নির্দেশনা অনুযায়ী আদালত প্রাঙ্গণেই তা মাটিচাপা দেওয়া হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢালচর বিট পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় চর আতাউর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বন বিভাগ। বন্যপ্রাণী শিকারের খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা পৌঁছালে জড়িতরা দ্রুত চরাঞ্চলের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত অবস্থায় আনুমানিক এক কেজি ওজনের একটি হরিণ উদ্ধার করা হয়। হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলে নিয়মিত হরিণ শিকার ও পাচার রোধে বন্যপ্রাণী রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নলচিরা রেঞ্জ কর্মকর্তা মইন উদ্দিন আহমদ চৌধুরী জানান, যৌথ অভিযানে জবাইকৃত হরিণটি উদ্ধার করা হলেও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িতরা স্থান ত্যাগ করে। এ ঘটনায় অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, হাতিয়ার উপকূলীয় চরাঞ্চলে সংরক্ষিত বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রয়েছে। অবৈধ হরিণ শিকার ও পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

—জা. অর্থনীতি/এলএটি