আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ জনকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার গ্রাদিসকা বর্ডার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম সারাজিভো টাইমস ও ফার্স্ট বলকান মিডিয়া বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার বসনিয়ার কনফেডারেশন রিপাবলিকা সের্পস্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্রাদিসকা বর্ডার পুলিশ বিস্ত্রিকা এলাকায় পৃথক দুটি অভিযান চালায়। এসব অভিযানে সীমান্ত অতিক্রমের দুটি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।
প্রথম অভিযানে বুধবার বিকেলে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানের এবং ২৩ জন বাংলাদেশের নাগরিক। এ সময় ঘটনাস্থল থেকে দুটি নৌকা জব্দ করা হয়। পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।
পরে একই দিন রাতে চালানো দ্বিতীয় অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়। এ দলে ১৩ বাংলাদেশি, ১৮ আফগান এবং দুজন পাকিস্তানি নাগরিক ছিলেন।
বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে দেশটির ‘সার্ভিস ফর ফরেনার্স অ্যাফেয়ার্স’-এর বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে। ঘটনাগুলোর পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, সীমান্ত পারাপারের এসব প্রচেষ্টার সঙ্গে মানবপাচারের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।
জা.অর্থনীতি/এসআই