রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: রান্না না করে নাচের ক্লাসে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে অশান্তি। সেই বিবাদ থেকেই স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যু হয়েছে ৩৮ বছরের যামিনী যাদবের। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের। অভিযুক্ত স্বামী কৃষ্ণলাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, যামিনী নাচতে ভালবাসতেন এবং তাঁদের আবাসনেই নিয়মিত নাচের ক্লাসে যেতেন। এই বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই অশান্তি হত বলে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। দম্পতির দুই সন্তান রয়েছে।

গত বৃহস্পতিবার কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে স্ত্রীকে রান্না করতে বলেন কৃষ্ণলাল। কিন্তু সেই সময় নাচের ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যামিনী। তিনি রান্না করতে পারবেন না বলে জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এর পরেই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে সন্তানদের সামনেই মারধর করেন কৃষ্ণলাল। তাঁর ঘাড় ও পেটে সজোরে আঘাত করা হয় বলে অভিযোগ।

অসুস্থ হয়ে পড়া যামিনী স্বামীকে ব্যথার ওষুধ আনতে বলেন। কৃষ্ণলাল ওষুধ কিনতে গেলেও দোকান বন্ধ থাকায় খালি হাতে ফিরে আসেন। ততক্ষণে যামিনীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পেট ফুলে যায় এবং পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করেছিল পুলিশ। তবে ময়নাতদন্তে যামিনীর ঘাড়ের হাড় ভাঙা এবং অন্ত্রে গুরুতর আঘাতের প্রমাণ মেলে। এরপর কৃষ্ণলালের বিরুদ্ধে খুনের ধারা যোগ করা হয়। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই