সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষাসামগ্রী
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: পরিবেশের প্রতি কোমলমতি শিশুদের সচেতন করে তোলা এবং তাদের স্বহস্তে গাছের পরিচর্যায় উৎসাহিত করতে সাতক্ষীরায় ৬০ জন শিক্ষার্থীর মাঝে ফলদ চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটে সবুজ পরিবেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে শৈশব থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের খাতা, কলম ও রোপণ উপযোগী চারা বিতরণ করা হয়। উপহার পেয়ে আনন্দের অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরা চারাগুলোর নিয়মিত যত্ন নেওয়ার অঙ্গীকার করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীরা যাতে গাছগুলো সঠিকভাবে বড় করে তোলে, সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সরদার, আলী মুক্তাদা হৃদয়, রিজাউল করিম, ইব্রাহিম খলিল, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, হাবিবুল হাসান, মেহেদী হাসান শিমুল এবং ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

—জা. অর্থনীতি/এলএটি