সোনারগাঁয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ১ হাজার অবৈধ স্থাপনা
ছবি: জাতীয় অর্থনীতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের মার্কেটসহ প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এ অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তার পাশে সওজের জায়গা দখল করে একটি ফলের মার্কেটসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। পাশাপাশি মহাসড়কের দুইপাশের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দোকানপাট পরিচালনা করা হচ্ছিল। এসব অবৈধ স্থাপনার কারণে এলাকায় যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

চুরির ঘটনায় বারবার বদলাচ্ছে সন্দেহভাজনের নাম

অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনার মধ্যে ছিল- ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান, কনফেকশনারি, ওষুধের দোকান ও মুদি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।

স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন বলেন,দীর্ঘদিন ধরে সড়কের পাশে অবৈধ দোকানপাট থাকায় যানজট ও ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষেরও দুর্ভোগ হচ্ছিল। উচ্ছেদের ফলে এখন সড়কের জায়গা কিছুটা ফাঁকা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, সড়কের জায়গা দখল করে দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হতো। এখন উচ্ছেদ হওয়ায় সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে। তবে উচ্ছেদের পর আবার যেন দখল না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

পাকা ঘরের স্বপ্ন অপূর্ণই থেকে গেল সেনাসদস্য পিয়াসের

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় এক হাজার দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সওজের জায়গা দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে।

—জা. অর্থনীতি/এনজে